সৌদি ব্লগারকে বেত্রাঘাতের নিন্দা জানানোর আহ্বান ১৮ নোবেল বিজয়ীর

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ২১:৫৩
 
সৌদি ব্লগার বাদাবিকে বেত্রাঘাতের নিন্দা জানাতে সৌদি শিক্ষাবিদদের আহ্বান জানিয়েছেন ১৮ নোবেল বিজয়ী।
ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টে মঙ্গলবার প্রকাশিত এক খেলা চিঠিতে বিশ্বের ১৮ জন নোবেল পুরস্কার বিজয়ী এই আহ্বান জানিয়েছেন।
‘ইসলাম অবমাননার অপরাধে ১০ বছরের কারাদণ্ড এবং সপ্তাহে ৫০টি করে মোট ১ হাজার বেত্রাঘাতের আদেশ দেয়া হয়। শাস্তির অংশ হিসেবে এ মাসের প্রথম দিকে তাকে ৫০টি বেত্রাঘাত করা হয়।
খোলা চিঠিতে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী জন কোয়েৎজিসহ রসায়ন পদার্থ, শারীরবিদ্যা বা চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীরা স্বাক্ষর করেন।
এতে সৌদি শিক্ষাবিদদের প্রতি ভিন্নমত প্রকাশের স্বাধীনতার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের আহ্বান জানানো হয়।
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি) প্রেসিডেন্টকে সম্বোধন করে লেখা এ খোলা চিঠিতে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে একঘরে হয়ে পড়ার ঝুঁকির দিকেও ইঙ্গিত করা হয়েছে।
খোলা চিঠিতে বলা হয়, ‘আমরা এই উদ্বেগ থেকে লিখছি যে সৌদি আরবের সমাজে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর যে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে তার কারণে সৃষ্ট হতাশায় আন্তর্জাতিক সহযোগিতার বন্ধন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।’
চিঠিতে আরো বলা হয়, ‘আমাদের আত্মবিশ্বাস রয়েছে যে, কেএইউএসটির প্রভাবশালী সদস্যদের ভিন্নমত প্রকাশের পক্ষে যুক্তি উপস্থাপন করলে রাষ্ট্রপক্ষের দৃষ্টি আকৃষ্ট হবে। এছাড়া কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না।’
এতে আরো বলা হয়, ফ্রান্সের ব্যঙ্গ সাপ্তাহিক শার্লি হেবদোর সাংবাদিকদের নৃশংস হত্যাকাণ্ডের পর মতপ্রকাশের স্বাধীনতার সমর্থনে এক মিছিলে ফ্রান্সে সৌদি রাষ্ট্রদূতের অংশ গ্রহণের পর ‘নতুন চিন্তার সময় এখনই।’
বাদাবিকে ২০১২ সালে জেলে নেয়া হয়। তিনি সৌদি আরবের সৌদি লিবারেল নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাকে ‘বিবেকবন্দি ’ হিসেবে বর্ণনা করেছে।