সেই বিস্ফোরণে ছাত্রদল নেতা ও দুই শিশু আহত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ০৯:৪০
 
 
 
 
রাজধানীর লালবাগে একটি বাসায় বিস্ফোরণে এক যুবকের ডান হাতের কব্জি উড়ে গেছে। এ ঘটনায় আরো দুই শিশু আহত হয়েছে। যুবকের নাম বাপ্পী (৩০)। দুই শিশু হলো হ্যাপী আক্তার সুমনি (১৩) ও সাফরান আহমেদ রিপন (৬)। পুলিশ দাবি করছে বাপ্পী বোমা বানানোর সময় এ বিস্ফোরণ ঘটে। তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বৈদ্যুতিক হিটার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
হ্যাপী আজিমপুর গার্লস স্কুলের ৮শ শ্রেণীর ও রিপন শাহা বানিয়া মাদ্রামার ১ম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ দাবি করেছে, আহত বাপ্পী নিউ মার্কেট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। অবরোধে নাশকতামূলক কর্মকান্ডের জন্য বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে। বুধবার বিকাল ৩ টার দিকে লালবাগের ঢাকেশ্বরী রোডের ৩১/১ নম্বর বাড়ির তৃতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে ঘরের জিনিসপত্র তছনছ হয়ে গেছে। আহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈদু্যুতিক হিটার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তির পর আহতদের পুলিশ নজরদারির মধ্যে রাখা হয়েছে। পরে উন্নত চিকিত্সার জন্য রিপনকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ভর্তি করা হয়। 
হাসপাতালে আহত হ্যাপী জানায়, তার বাবা আব্দুল হাকিম পেশায় গাড়ি চালক। তারা ঢাকেশ্বরী রোডের বাসায় ভাড়া থাকেন। মাদারীপুরের শিবচরে তাদের বাড়ি। রিপন তার খালাতো ভাই। সে মাদ্রাসার ১ম শ্রেণীতে পড়ে। তার বাবা বাচ্চু মিয়া পাখির ব্যবসা করেন। রিপন তার পরিবারের সঙ্গে ২৭৭/২ এলিফেন্ট রোডে থাকে। গতকাল সকালে হ্যাপী তাকে নিজ বাসায় বেড়াতে নিয়ে যায়। আহত বাপ্পী হ্যাপির মামা হন।
ঢাকেশ্বরী রোডের ঐ বাড়ির নীচতলার একটি বাসার বাসিন্দা জানান, দুপুর ৩ টার দিকে প্রচন্ড শব্দে বাড়িটি কেঁপে ওঠে। ঐ সময় মনে হয়েছিল, বাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্চে। শব্দের পর মানুষের চিত্কার শুনতে পান। তিনি বাড়ির তিন তলায় পাখি বিক্রেতা আব্দুল মান্নানের বাসায় গিয়ে দেখতে পান তার ছেলে বাপ্পী মেঝেতে কাতরাচ্ছে। তার ডান হাত রক্তে ভেসে গেছে। ঐ ঘরে আরো দুই শিশু আহত হয়ে চিত্কার করছে। ঘটনার পর আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বাপ্পীর ডান হাতের কব্বজি পর্যন্ত ঝাঁঝরা হয়ে গেছে। চিকিত্সকরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে হাত কেটে ফেলা হতে পারে। তবে এই সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। হ্যাপীর দুই হাত ও চুল ঝলসে গেছে। রিপনের মুখ ও বুক ঝলসে গেছে। হাসপাতালের বার্ণ ইউনিটে তাদের ভতির পর পুলিশ সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ফারুক ও শামীম নামে দুই যুবককে আটক করে।
অন্যদিকে, হাসপাতালে আহত বাপ্পীর বোন ঝুমুর দাবি করেছেন, বোমা বিস্ফোরণে তার ভাই আহত হয়নি। শীতে বাসায় রুম হিটার চলছিল। হঠাত্ রুম হিটার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো দাবি করেছেন, বাপ্পী কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। 
পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. মফিজ উদ্দিন আহমেদ বলেন, বোমা তৈরি করার সময় বিস্ফোরণে শিশুসহ এ তিনজন আহত হয়েছে। ঐ বাসায় বাপ্পী বোমা বানাচ্ছিলেন। বাপ্পী নিউমার্কেট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি কাঁটাবন এলাকায় থাকেন। ঐ এলাকায় বোমা বাপ্পী হিসেবে পরিচিত। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে।