সিলেটে হরতাল পালন

ভুয়া সাংবাদিক লেখা মোটরসইকেলের বিরুদ্ধে অভিযান

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ১৮:০৫
 
২০ দলীয় জোট তাদের সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার, সব দলের অংশ গ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রধানের গুলির নির্দেশের প্রতিবাদে এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি ও নির্বিঘ্নে সভা-সমাবেশের দাবিতে  সিলেট জেলা ও মহানগরীতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে নগরীর দোকান পাট বন্ধ ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের তুলনায় কম। তবে মোটরসাইকেল চলাচলে বেশ কড়াকড়ি করে পুলিশ।
এদিকে ভুয়া ‘প্রেস,’ ‘সাংবাদিক’ লেখা ২০টি মোটরসাইকেল পুলিশ ও সাংবাদিকরা অভিযান চালিয়ে আটক করেছেন।
সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সমপাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর ঘনিষ্টজন ময়নুল হককে আটক করেছে পুলিশ।
এসআই রবিউল ইসলাম জানান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে বিএনপি নেতা ময়নুলকে আটক করা হয়।   
জ্বালানি তেলের সংকট কটতে শুরু করেছে:অন্যদিকে সিলেটে জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সিলেটে পেট্রোল, ডিজেল ও অকটেন আসছে। বিজিবির পাহারায় গোলাপগঞ্জ কৈলাশ টিলা থেকে আসছে পেট্রোল। আর বিশেষ নিরাপত্তা দিয়ে চট্টগ্রাম থেকে রেলের ওয়াগন দিয়ে আনা হচ্ছে ডিজেল ও অকটেন। পেট্রোল পামপ মালিক সংগঠন সূত্রে জানা যায়।
নাশকতা রোধে গোপন ক্যামেরা:
অন্যদিকে এবার নগরীর নাশকতারোধ ও অপরাধীদের সনাক্ত করতে গোপন ক্যামেরা বসানো হয়েছে। নগরীর ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ অন্তত ২০টি পয়েন্টে ৫২টি গোপন ক্যামেরার মাধ্যমে দিনরাত পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি। পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে সিলেটে হরতাল ও অবরোধের সমর্থনে ২০ দলীয় জোট তেমন মিছিল-সমাবেশ করতে না পারলেও প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণ ঘটছে। তাই এই ব্যবস্থা নিয়েছে মহানগর পুলিশ। কোথাও নাশকতা হলে সেখানকার গোপন ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হবে অপরাধীরা।
সূত্র জানায় নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার, আম্বরখানা, মেডিকেল রোড, শেখঘাট, সুবিদবাজার, শাহী ঈদগাহ, কুমারপাড়া, নাইওরপুল, শিবগঞ্জসহ কয়েকটি স্থানে বসানো হয়েছে গোপন ক্যামেরা। এর মধ্যে কয়েকটি স্থানে সিটি করপোরেশন ও মহানগর পুলিশের পক্ষ থেকে ক্যামেরা বসানো হয়েছে। ব্যক্তি উদ্যোগে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো সিসি ক্যামেরাগুলো সার্বক্ষনিক চালু রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
গত বৃহসপতিবার নগরীতে কোতোয়ালী থানার ওসির গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে মারার দৃশ্যও ধরা পড়ে সেখানকার গোপন ক্যামেরায়। ফুটেজ দেখে ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে হামলাকারীদের। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ বলেন সিসি ক্যামেরার মাধ্যমে নাশকতাকারীদের চিহ্নিত করে অপারেশন চালানো হচ্ছে।