ছাত্রদলের দু’দিনের ধর্মঘটের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রধান ফটক ও শ্রেণীকক্ষের তালায় ‘সুপার গ্লু ’ লাগিয়ে দিয়েছে ধর্মঘট সর্মথকরা।
বুধবার সকালে কর্মচারীরা তালাগুলো গ্লু দিয়ে আটকানো দেখে। পরে তালাগুলো ভেঙ্গে কক্ষগুলো শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এদিকে ধর্মঘটের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাশ অনুষ্ঠিত হয়নি। বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের বিভিন্ন রুটের পরিবহন।
হরতাল-অবরোধ ও ধর্মঘটের মধ্যে সকাল থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্যমোতায়েন করা হয়। ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিচরন ছিল তুলনামূলক কম। ছাত্রদলের কাউকে প্রকাশ্যে দেখা না গেলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ জানান, ভোররাতে কার্জন হলের ১৭টি তালায় ‘সুপার গ্লু’ দিয়ে আটকানো অবস্থায় পাওয়া গেছে। সকালে শিক্ষার্থীদের চলাচলের বিভিন্ন রুটের পরিবহন বন্ধ থাকলেও পরবর্তীতে চালু হয়। তবে ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
