‘জনগণ চাইলে খালেদা জিয়ার গ্রেফতার কেউ ঠেকাতে পারবে না’

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ২১:৪৯
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদী কর্মকাণ্ড অব্যাহত থাকলে অচিরেই সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গ্রেফতার দাবিতে স্বোচ্চার হয়ে উঠবে। আর জনগণ দাবি তুললে খালেদা জিয়ার গ্রেফতার কেউ ঠেকাতে পারবে না। তাই ষড়যন্ত্র ও নৈরাজ্য পরিহার করে অবিলম্বে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য তিনি বিএনপি নেত্রীর প্রতি আহ্বান জানান।
বুধবার বিকালে মিরপুরস্থ ১০ নম্বর গোলচত্বরে কেন্দ্রীয় ১৪ দলের শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের দেশ বিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, চোরাগুপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে এই শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। 
মোহাম্মদ নাসিম বলেন, অবরোধ ডেকে খালেদা জিয়া গুলশান কার্যালয়ে শুয়ে আছেন, আর তার দলের নেতাকর্মীরা গর্তের মধ্যে চলে গেছে। দেশের কোথাও এখন বাটি চালান দিয়েও বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে। আর খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছেন সন্ত্রাসীদের নিয়ে। তিনি বলেন, খালেদা জিয়ার দিন শেষ হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে খালেদা জিয়ার চূড়ান্তভাবে পরাজিত হবেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে সকল ক্ষেত্রে সাফল্য এনে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করছেন, তখন খালেদা জিয়া পরিকল্পিত ভাবে অশান্তি সৃষ্টি ও বোমাবাজি করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র শুরু করেছেন।
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতা-কর্মীদের বলেন, একটি মিথ্যাবাদী মহিলা মানুষ মারা শুরু করছে। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা জানতেই তো আপনারা এখানে এসেছেন, তাই না ভাইয়েরা। অপেক্ষা করেন সময় এসে গেছে।
স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, যুবলীগ মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।