বগুড়ায় চাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ২৩:২৩

বগুড়া শহরের ষ্টেশন রোডে একটি চাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা মেরেছে দুর্বৃত্তরা। এ সময় দুবৃর্ত্তরা ৪/৫ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। তবে ট্রাকের চালক ও হেলপার অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পরে দমকল বাহিনীর একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক চালবোঝাই ট্রাকটির দিকে এগিয়ে এসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। ট্রাকের চালক ও হেলপার প্রাণভয়ে গাড়ী থেকে নেমে দৌড় দেন। তখন দুবৃর্ত্তরা ২টি পেট্রোল বোমা ছুঁড়ে মারলে বোমা বিস্ফোরিত হয়ে ট্রাকের সামনের অংশে আগুন ধরে। দৃস্কৃতিকারীরা আবারও কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে রাতে শহরের মালতিনগর, কালিতলা, সেউজগাড়ী ও সূত্রাপুর সহ বেশ কিছু স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে জনমনে আতংক সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জেলায় ২৪ ঘন্টার হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোটের বগুড়া জেলা কমিটি।