মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি গ্রামে ফুটবল খেলার সময় প্রতিপক্ষের খেলোয়ারের লাথির আঘাতে নিরব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় রোহান (১০) নামের আরেক শিশুকে আটক করেছে।
বুধবার সন্ধ্যার কিছু আগে শহরের শিলমন্দি জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে স্থানীয় শিশুরা ফুটবল খেলছিল। এক পর্যায়ে প্রতিপক্ষের খেলোয়ার রোহানের (১০) লাথি গোপনাঙ্গে লাগতেই নীবর মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। রাতে জরুরি বিভাগে চিকিৎসক শৈবাল বসাক পরে মৃত ঘোষণা করেন। নিহত শিশু নীরব মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। সপ্তাহ খানেক আগে তাকে ছুন্নাতে খাতনা করানো হয়েছিল। সে শহরের শিলমন্দি গ্রামের প্রবাস ফেরত রিপন দরগার পুত্ত্র। আটককৃত রোহান চতুর্থ শ্রেণির ছাত্র। এসব তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল খায়ের ফকির রাত সোয়া ১১টায় বলেন, এখনও কোন মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
