বাংলাদেশ থেকে কর্মী নেয়ার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ০১:০৬

দীর্ঘ প্রায় সাত বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সৌদি আরব। দেশটির শ্রমমন্ত্রী আবদেল ফাকিহ সোমবার জানান, শিগগিরই শ্রমিক নেয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। গতকাল আরব নিউজের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২০০৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব সরকার।

বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রবিবার আবদেল ফাকিহ’র কার্যালয়ে দুই মন্ত্রী বৈঠক করেন। ফাকি্হ দুই দেশের মন্ত্রণালয়ের মধ্যে সম্পর্ক আরো উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রয়েছে সৌদি আরব। একইসঙ্গে দুই দেশের জনগণই যাতে শ্রমিকদের কাজে লাগানোর মাধ্যমে লাভবান হতে পারে সেজন্য যথাযথ প্রক্রিয়া ও কর্মকৌশল খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আবদেল ফাকিহ বলেন, বিদেশি কর্মীরা সৌদি আরবের উন্নয়নে বড় অবদান রেখে চলেছে। এসব শ্রমিকের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। একইসঙ্গে শ্রমিক প্রেরণ প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা ও দুই পক্ষের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন তিনি। ঐ বৈঠকে মোশাররফ হোসেন বলেন, বিদেশে কাজে যেতে আগ্রহী প্রায় ২২ লাখ লোক নিবন্ধন করেছে। তাদেরকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ে ইতিমধ্যে দক্ষ শ্রমিক পাঠাচ্ছে বাংলাদেশ। বর্তমানে সৌদি আরবে প্রায় ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছে।