লালবাগে বিস্ফোরণে আহত ছাত্রদল নেতার মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ০৯:৫৫

রাজধানীর লালবাগে বোমা বানানোর সময় বিস্ফোরণে  আহত ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পী মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

বুধবার বিকাল ৩টার দিকে লালবাগের ঢাকেশ্বরী রোডের ৩১/১ নম্বর বাড়ির তৃতীয় তলার বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিউ মার্কেট থানা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় হ্যাপী আক্তার সুমনি (১৩) ও সাফরান আহমেদ রিপন (৬) নামে  দুই শিশু আহত হয়।
তবে আহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈদ্যুতিক হিটার থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।