দিনাজপুরের ঘোড়াঘাটে একটি ধান বোঝাই ট্রাকে প্রেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ঐ ট্রাকের চালক আনিছ (৩২) দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘোড়াঘাট সদরের খেতাব মোড়ে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ আনিছকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ঐ ঘটনার কিছুক্ষণ পরই ঘোড়াঘাট ফিলিং স্টেশনের কাছে দুর্বৃত্তরা আরো একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে বোমাটি লক্ষ্য ভ্রষ্ট হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরেই ঘটনাস্থলের নিকটেই ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা পলাশবাড়ীর উপজেলার মংলিশপুর গ্রামের হারুনুর রশিদের পুত্র শহিদুল ইসলাম(১৫), জাতরবালা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাকিরুল(১৪)।
অপরদিকে অগ্নিদগ্ধ চালকের জবানবন্দি মোতাবেক নুরজাহানপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রকিকে না পেয়ে তার পিতাকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ।
তিনি আরো জানান, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির একটি টিমও রাত থেকে ব্যাপক তল্লাশি শুরু করেছে।
