যাত্রীবেশী দুর্বৃত্তরা সিলেট-জকিগঞ্জ সড়কে অস্ত্রের মুখে দু’টি যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীদের নামিয়ে আগুন দিয়েছে। তারা ঐ সড়কে আরও একটি লেগুনা ও একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ও শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট কদমতলী টার্মিনাল থেকে একটি বাস (সিলেট ব ১১-০০৪৩) জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় যাওয়ার পর যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়ি থামায়। পরে তারা গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে গান পাউডার ছিটিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে আগুন দেয়ার পর ঐ স্থানে অপেক্ষমান তাদের সহযোগীদের মোটর সাইকেলে উঠে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের হিলালপুরে একই কায়দায় একটি বাসে (সিলেট ব ১১-০০১৩) আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি গোলাপগঞ্জ থেকে সিলেট আসছিল। হিলালপুর আসার পর যাত্রীদের নামিয়ে দিয়ে গান পাউডার ছিটিয়ে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তারা সহযোগীদের মোটর সাইকেলে ওঠে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে বাস দুইটির আগুন নেভান। তবে এর আগেই বাস দুইটি পুড়ে যায়।
সিলেট এসএমপির এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ জানান, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সতর্ক রয়েছে।
