ইয়েমেনে প্রেসিডেন্টের সঙ্গে হাউথি বিদ্রোহীদের চুক্তি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ২০:২২
 
 
 
 
ক্ষমতা ভাগাভাগির দাবি মেনে নিতে রাজি হওয়ায় ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি এবং হাউথি বিদ্রোহীদের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবারের এই চুক্তি অনুযায়ী রাজধানী সানায় প্রেসিডেন্টের প্রাসাদ এবং প্রেসিডেন্টের ব্যক্তিগত কাজে ব্যবহূত ভবন থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে বিদ্রোহীরা।
সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদটি দখল করে নিয়েছিল হাউথিরা। এরপর প্রেসিডেন্টকেও গৃহবন্দি করা হয়েছে বলেও দাবি করেছিল তারা। তবে ভবনটিতে প্রেসিডেন্ট হাদি থাকলেও তার আটকা থাকার বিষয়টি অস্বীকার করে কর্তৃপক্ষ। এ ঘটনার পরই বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন প্রেসিডেন্ট হাদি। পরে বুধবার সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে চুক্তির কথা প্রকাশ করেন হাদি। এ সময় তিনি বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে হাউথিদের নিয়োগ দেয়া হবে। পাশাপাশি হাউথিদের ক্ষমতার পরিধি বাড়ানোর জন্য খসড়া সংবিধানটি সংশোধন করা হবে বলেও তিনি জানান। খবর আল-জাজিরা, বিবিসি ও রয়টার্সের।
বিবৃতিতে হাদি আরো বলেন, হাউথিরা প্রেসিডেন্সিয়াল প্রাসাদ, ব্যক্তিগত ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন ও একটি মিসাইল ঘাঁটি থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে। এ ছাড়া, প্রেসিডেন্টের চিফ অব স্টাফকেও মুক্তি দিতে রাজি হয়েছে তারা। চুক্তির পর দেশটির প্রধানমন্ত্রী খালেদ বাহাহ তার বাসভবন ছেড়েছেন বলে হাউথি নেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ওই প্রতিবেদনে প্রেসিডেন্ট হাদিও যেকোনো সময় প্রসাদ থেকে বের হতে পারেন বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ইয়েমেনের সরকার ও রাজনীতিতে নিজেদের অধিকার আরো জোরদার করতে দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে হাউথিরা। সুন্নিপ্রধান দেশটিতে হাউথিরা  প্রধানত শিয়া মতালম্বী।