চুয়াডাঙ্গায় একটি কাভার্ডভ্যান থেকে ২১টি এয়ার রাইফেল উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ১৭:২১



চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি কাভার্ডভ্যান থেকে ২১টি ভারতীয় অবৈধ ইয়ার রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জয়রামপুর কুঠিপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করতে পারেনি।
এদিকে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক অচিন্ত কুমার পালের বিরুদ্ধে মোটা অংকের উৎকোচ নিয়ে পাচারকারীদের ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শুক্রবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকা থেকে ফিরে আসা রাত্রীকালীন কোচ গুলোকে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য থানার উপ-পরিদর্শক অচিন্ত কুমার পালের নের্তৃত্বে একটি টহল টিম লোকনাথপুর পেট্রোল পাম্পের কাছে অবস্থান করছিলো। এ সময় দর্শনা থেকে চুয়াডাঙ্গাগামী একটি কাভার্ডভ্যান ( ঢাকা মেট্রো শ-১১-০৩৭২)’র গতিরোধ করে তারা। চালক ভ্যানটিকে না থামিয়ে পুলিশ বহন করা ভ্যানের সঙ্গে ধাক্কা মেরে সড়কের পাশের রাস্তা দিয়ে চালিয়ে দেয়। টহল পুলিশের ভ্যানটি ঐ কাভার্ডভ্যানটিকে ধাওয়া করলে ভ্যানটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যানটিতে তল্লাশী চালিয়ে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা ২১টি ইয়ার রাইফেল উদ্ধার করে।
তিনি আরো জানান, আটক করা কাভার্ডভ্যানটির মালিকের সন্ধান পাওয়া গেছে, তার  বিরুদ্ধে মামলা করা হবে।
উপ-পরিদর্শক অচিন্ত কুমার পালের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি ঠিক নয়। তবে অভিযোগটি তদন্ত করে দেখা হবে।