কুমিল্লায় পেট্রোল বোমার আগুনে পুড়লো ২ বাস

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ১২:৫৫
কুমিল্লায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে দুইটি বাস পুড়ে গেছে। শুক্রবার ভোরে নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশে এশিয়া লাইন বাস কাউন্টারের সামনে রাখা দুইটি বাসে শুক্রবার ভোর চারটার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় আগুন জ্বলে উঠলে বাসে থাকা হেলপার জসিম উদ্দিন দ্রুত নেমে ডাকচিৎকার শুরু করে। এতে আশেপাশে থাকা বাসের শ্রমিকরা দৌঁড়ে এসে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শ্রমিকরা পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। দুইটি বাসের মধ্যে একটি ভস্মীভূত হয়ে গেছে। অপরটি আংশিক পুড়ে গেছে।