হবিগঞ্জ শহরে দুই এএসপি’র বাসভবন লক্ষ্য করে তিনটি ককটেল-বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল আটটার দিকে তিনকোনা পুকুড় পাড় এলাকায় অবস্থিত ওই দুই সহকারী পুলিশ সুপারের সরকারি বাসভবনের সামনে মুখোশধারী দুই যুবক মোটরসাইকেলে এসে ভবনের ভিতরে ককটেল ছুড়ে মারে। এ সময় ককটেলগুলোর বিকট আওয়াজে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই যুবক মোটরসাইকেলে এসে এএসপি (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান ও এএসপি (উত্তর) সাজেদুর রহমানের বাসা লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে ভবনের নিচতলার একটি কক্ষের জানালার কাঁচ ভেঙ্গে যায়। এ সময় কয়েকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলের নম্বর প্লেটটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। এএসপি সাজেদুর রহমান জানান, ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন। বাসার কেউ আহত হননি।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় জিডি করা হয়েছে।
