নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীর একুশে পদক প্রাপ্তিতে সংবর্ধনা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীর একুশে পদক প্রাপ্তিতে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা, শিল্পী, কর্মচারীবৃন্দ। নির্ধারিত সময়ের আগেই সবাই জাতীয় নাট্যশালার লবিতে একত্রিত হন। সেখানে পিয়ানোর সুর বাজতে থাকে এবং মিলনায়তনে ঢুকতেই সমবেত সংগীত, নৃত্য ও মিউজিক অর্কেস্ট্রা পরিবেশিত হয়। একাডেমির কর্মকর্তাদের পরিবেশনা দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সাজানো হয়। এছাড়াও আয়োজনে ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীর একুশে পদক প্রাপ্তিতে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের অনুভূতির ওপর ভিডিও প্রদর্শনী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক মহোদয়ের কর্মযজ্ঞের ওপর তথ্যচিত্র প্রদর্শনী। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর ও আয়োজক কমিটির আহ্বায়ক সরকার জিয়াউদ্দিন আহমেদ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের উপপরিচালক শামীমা আক্তার জাহান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক আলী আহমেদ মুকুল, গবেষণা ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর খন্দকার রেজাউল হাশেম। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া, সচিব ড. কাজী আসাদুজ্জামান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের সহকারী পরিচালক ও আয়োজক কমিটির সদস্য সচিব এএম মোস্তাক আহমেদ এবং শংসাবচন পাঠ করেন প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর ড. আইরিন পারভীন লোপা। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক একুশে পদক প্রাপ্ত নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী তাঁর অনুভূতি ব্যক্ত করেন।