প্রতিপক্ষকে পেট্রোল বোমা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে মিথ্যা অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার সময় কামাল হোসেন (৩৫), বাকি বিল্লাহ (৩৪) ও মোহাম্মদ মোস্তফা (৪০) নামে ৩ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনাটি রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুুতার জের ধরে ডেমরার সানারপাড় এলাকার বরকত শিকদার (৪৩) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতারকৃতরা বুধবার রাতে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে পিস্তল ঠেকিয়ে কামালের বাড়ি নিয়ে যায়। সেখানে রাত দেড়টা পর্যন্ত বরকত শিকদারকে ৩ জন মিলে মারধর করে। এরপর ছোট-বড় ৬টি প্লাস্টিকের বোতল দিয়ে পেট্রলবোমা তৈরি করে গ্রেফতারকৃতরা। বোমা তৈরি শেষে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে বরকতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সার জন্য পাঠায়। হাসপাতালে বরকত পুরো ঘটনাটি পুলিশের কাছে খুলে বলেন। পরে বৃহস্পতিবার এসআই রফিক বাদী হয়ে নাশকতার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য রাখার অপরাধে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ কামাল, বাকি বিল্লাহ ও মোস্তফাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ৬টি পেট্রল বোমা দিয়ে নাটক সাজিয়ে বরকতকে পুলিশে সোপর্দ করার চেষ্টা করে। পুলিশ ঘটনাটি উদঘাটন করার পর তাদের গ্রেফতার করে।
