রাজশাহীর পবা উপজেলার তেঘর এলাকায় যাত্রীবেশে বাসে উঠে গানপাউডার ছিটিয়ে আগুন দিয়ে পালানোর সময় জনতার হাতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আটক হয়েছে শিবিরের দুই কর্মী। এরা হলো মশিউর রহমান (২৪) ও আবদুল আওয়াল (২৫)। তাদের বাড়ি পবা মহানন্দাখালি গ্রামে।
পুলিশ জানায়, দুইজনই চিহ্নিত শিবির ক্যাডার। বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার গণপিটুনিতে উভয়ের হাত-পা ভেঙে গেছে। এসময় আতঙ্কে বাস থেকে নামতে গিয়ে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পবা থানার ওসি মতিয়ার রহমান জানান, ‘ইমন পরিবহন’ নামে একটি বাস রাজশাহীর উদ্দেশে আসছিল। ওই বাসে তানোর এলাকায় যাত্রীবেসে ওঠে তিন যুবক। বাসটি পবার তেঘর এলাকায় এলে ওই তিন যাত্রী গাড়ির ওপর গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। বাসের যাত্রী ও এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজন অগ্নিসংযোগকারী শিবিরকর্মীকে আটক করে গণধোলাই দেয়। এতে তাদের হাত-পা ভেঙ্গে যায়। তবে তাদের সঙ্গে থাকা অপরজন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মুমূর্ষু অবস্থায় জনতার হাত থেকে তাদের রক্ষা করে।
ঘটনাস্থল থেকে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা হবে।
