বারো জন শিল্পীর ভিন্ন আমেজের ছবি

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ২২:৪৯
 
বারো জন শিল্পীর ভিন্ন ভিন্ন আমেজের ছবি। কারো ক্যানভাসে সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা, কারো ক্যানভাসে ফুটে উঠেছে অন্যায়ের প্রতি ধিক্কার, কেউ শোনাচ্ছেন সামনে এগিয়ে যাওয়ার গল্প। শুক্রবার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে ‘ঢাকা আর্টিস্ট গ্রুপ’ এর দলবদ্ধ প্রদর্শনী ‘এক্সপ্লোরিং ডাইভারস মিডিয়ামস’।
প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী রেজাউন নবী। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আর্টিস্ট গ্রুপ-এর আহ্বায়ক শিল্পী জাহির হোসেন নিউটন।
শিল্পী শাহাবুদ্দিন আহমেদ তরুণ শিল্পীদের উদ্দেশে শিল্পের আকাঙ্ক্ষা, শিল্পীর দায়িত্ব ও শিল্পীর প্রস্তুত হয়ে ওঠা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সমাজকে ফাঁকি দিয়ে, সময়কে ফাঁকি কিছুই করা সম্ভব না। একজন শিল্পীকে সময়ের দাবি মিটিয়ে যেতে হবে। সত্য বলা, সততা হচ্ছে শিল্পীর মূল স্তম্ভ। শিল্পের প্রেরনা একেজনের কাছে একেক রকম। কিন্তু সবকিছু বলার পরেও একজন শিল্পীকে মানুষের সামনে আমার কথা নিয়েই হাজির হওয়া জরুরি।
তাসমিমা হোসেন বলেন, বাংলাদেশ এক দুর্বিসহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে দেশজুড়ে বোমাবাজি, সন্ত্রাস চলছে এ থেকে যদি বাঁচতে হয় তবে শিল্পকলাকে, সংস্কৃতিকে, সুন্দরকে অবলম্বন করে এগুতে হবে। যাতে মানুষ হিংসা ও ধ্বংসের পথে না গিয়ে সুন্দরের প্রতি, শিল্পের প্রতি আকৃষ্ট হয়।
জাহির হোসেন নিউটন বলেন, ঢাকা আর্টিস্ট গ্রুপ প্রতি বছর ২টি করে প্রদর্শনীর আয়োজন করে চলেছে। একটি দেশের বাইরে আরেকটি দেশে। এভাবে তারা দলবদ্ধ প্রদর্শনী করে তাদের শিল্পচর্চাকে অব্যাহত রেখে চলেছে। এ প্রদর্শনী তারই অংশ।
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হচ্ছেন: রেজাউন নবী, জাহির হোসেন নিউটন, মোহাম্মদ ফকরুজ্জামান, মাহবুবুল ইসলাম বাবু, দেবাশীষ পাল, আনিসুজ্জামান আনিস, রেজাউল ইসলাম লাভলু, শাহীন আখতার লিপি, আব্দুল আযীয, ফাহমিদা খাতুন, এম এম ময়েজুদ্দীন, তেজেশ হালদার জয়।
প্রদর্শনীতে পেইন্টিং, ইন্সটলেশন আর্ট ও ভাস্কর্য স্থান পেয়েছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।