এই সময়ে ইকবাল খন্দকার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০

ইকবাল খন্দকার কথাসাহিত্যিক, টিভি উপস্থাপক, গীতিকার, নাট্যকার ও টিভি অনুষ্ঠানের স্ক্রিপ্ট রাইটার। তবে কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক পরিচয়েই তিনি অধিক পরিচিত। ২০১৯ সাল পর্যন্ত তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৩টি। লেখালেখির পাশাপাশি উপস্থাপনায়ও তিনি সমান ব্যস্ত। ফেব্রুয়ারিজুড়ে তার উপস্থাপনায় এসএ টিভিতে প্রচারিত হয়েছে বই ও বইমেলাবিষয়ক অনুষ্ঠান ‘কথাপ্রকাশ বই নবান্ন’। এছাড়াও বিটিভিতে সদ্য শুরু হওয়া ‘গানালাপ ডটকম’ অনুষ্ঠানের উপস্থাপক তিনি। তার উপস্থাপনায় প্রচারিত জনপ্রিয় কিছু টিভি অনুষ্ঠান হলো ‘বেআক্কেলের আড্ডা’, ‘খবরের খবর আছে’, ‘বড় মিয়া ছোট মিয়া’, ‘শিল্প প্রাঙ্গণ’, ‘খবরওয়ালাদের খবর’, ‘সেদিনের তারকা’, ‘গল্পে শুনি যাদের নাম’ ইত্যাদি। ইকবাল খন্দকারের লেখা প্রকাশিত গানের সংখ্যা অর্ধশতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হলো ‘ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি’, ‘মেঘলা দুপুরে কার নূপুরে’, ‘কত ভালোবাসি যে তোরে’, ‘সব তারা নিভে যাক’ ইত্যাদি। ইকবাল খন্দকার নাটকও লিখছেন নিয়মিত। তার লেখা দর্শকনন্দিত কিছু নাটক হলো ‘কদম চোরা, ‘বিয়ে করব, স্পন্সর চাই’, ‘রোজাদার’ ইত্যাদি। এছাড়া তিনি ‘কে হতে চায় কোটিপতি’সহ বেশ কিছু আলোচিত টিভি অনুষ্ঠানের পাণ্ডুলিপি রচয়িতা। ইকবাল খন্দকার এগিয়ে যেতে চান লেখালেখি আর উপস্থাপনাকে সঙ্গী করে।