নুডলস খেয়েই বেঁচে থাকা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ০১:৪১

মা-বাবা বিদেশ সফরের আগে সন্তানদের চাচার কাছে রেখে গিয়েছিলেন। কিন্তু সেই চাচা গত পাঁচ মাস ধরে বাসায় তাদের ফেলে রাখলো। নয় বছর বয়সী দুই ভাইয়ের বেঁচে থাকতে হলো নুডলস খেয়ে। পুলিশ ছেলেদের প্রতি অবহেলার অভিযোগে ওই চাচার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যে এ ঘটনা ঘটেছে।

হিলব্রাফ কাউন্টির আদালতের নথি থেকে জানা যায়, ওই দুই ভাই যমজ। অভিযুক্ত গিয়োবারি স্বীকার করেছেন, তার ভাইয়ের সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন যখন তার ভাই-ভাবী নাইজেরিয়া ভ্রমণের উদ্দেশ্যে যান। কিন্তু তিনি তাদের বাসায় যাননি, যদিও তিনি সপ্তাহে তিনদিন তাদের খোঁজ নিতেন। ছেলেরা জানিয়েছে, তার চাচা তাদের কোনো খোঁজ নিতেন না। তারা নিজেরাই স্কুলে যেতেন এবং খাবার হিসেবে নুডলস খেতেন। তবে চাচা বলেছেন, তাদের কোনো কিছু প্রয়োজন হলে ফোন করতে বলা হয়েছিল। কিন্তু বাসার টেলিফোনের লাইনটা নষ্ট হওয়ায় তাদের প্রতিবেশী কারো টেলিফোন থেকে ফোন করতে বলা হয়েছিল। পুলিশ জানায়, ছেলেদের মা-বাবা এক মাসের জন্য নাইজেরিয়া গিয়েছিলেন। কিন্তু অসুস্থতা এবং পাসপোর্টের সমস্যায় তাদের এত দেরি হয়। এখন তাদের মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা ভাল হয়েছে। পুলিশ জানায়, চাচার দায়িত্বে রেখে যাওয়ায় মা-বাবার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।