মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার আগ্রা সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি তাজমহল পরিদর্শনে যাওয়ার কথা ছিল। আগ্রার জেলা জেলা ম্যাজিস্ট্রেট পংকজ কুমার শনিবার এনডিটিভিকে এই তথ্য জানিয়েছেন।
এক সপ্তাহ আগেই নিরাপত্তার খাতিরে ওবামার বেনারস সফর বাতিল করা হয়। তবে আগ্রা সফর বাতিল করার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করতে সৌদি আরবে যাওয়ার জন্য তিনি তার ভারত সফর সংক্ষিপ্ত করেছেন।
আগ্রা কমিশনার প্রদীপ ভাটনার বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আগ্রা সফর বাতিল করা হয়েছে। আগ্রায় থাকা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দল আমাদের এই তথ্য দিয়েছিলেন।
উত্তর প্রদেশের মুখ্য সচিব নভোনীত সেগাল বরেছেন, আমেরিকার নিরাপত্তা দল আগ্রা ত্যাগ করেছে।
জানা গেছে, বারাক ওবামা ভারত সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রু বিমান বাহিনী ঘাঁটি থেকে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনদিনের সফরে রবিবার তিনি ভারতে পৌঁছাবেন। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবামা। এরপর ২৭ জানুয়ারি তার আগ্রা যাওয়ার কথা ছিল।
দিল্লিতে ওবামার নিরাপত্তার জন্য আমেরিকা থেকে কয়েকটি বুলেটপ্রুফ লিম্যুজিন গাড়ি নিয়ে আসা হয়েছে। মোতায়েন হচ্ছে এক হাজার ৬০০ জন মার্কিন নিরাপত্তারক্ষী। প্যারেড চলাকালীন ছয়টি মার্কিন যুদ্ধবিমান আকাশপথে থাকবে। সূত্র: এনডিটিভি ও কলকাতা২৪।
