বরই বোঝাই ট্রাকে আগুন, জামায়াত নেতাসহ আটক ২

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৬:২৬

শুক্রবার রাত ১১টায় লালপুর উপজেলার লালপুর-বনপাড়া সড়কের ওয়ালিয়া কলেজের কাছে লালপুর হয়ে রাজশাহীর বাঘা থেকে সিলেটগামী কুলবরই বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িত সন্দেহে  পুলিশ ওয়ালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (৩০) এবং ওয়ালিয়া পুকুরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে জামায়াত কর্মী আ. সালামকে (২৭) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে রাস্তায় কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে সিলেটগামী বরই বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৮-০২০৬) ৪/৫ জন অবরোধকারী ২টি পেট্রোল বোমা ছোড়ে। এতে ট্রাকের সম্মুখ ভাগে আগুন লেগে যায়। এসময়  ট্রাক ড্রাইভার লিটন ও হেলপার বাচ্চু মিয়ার চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী ট্রাকের মালিক আব্দুল মান্নান কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, এলাকার মানুষ আমার গাড়ির আগুন নিভানোর আধাঘণ্টা পরে ঘটনাস্থলে এসেছে পুলিশ এবং ফায়ার সার্ভিসের গাড়ি। তিলে তিলে জমানো আমার ২২ বছরের সঞ্চয় শেষ হয়ে গেল।
এ ব্যাপারে ওয়ালিয়া ফাঁড়ির ইনচার্জ এস.এম.সাদাত বলেন, আমি ওই সময় ৪/৫ কিলোমিটার দূরে টহলরত ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমি সব রকম দায়িত্ব পালন করেছি।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার বলেন, জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে ছাড়া পেয়ে সন্ত্রাসী তৎপড়তা শুরু করেছে। ইতিমধ্যে আমার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। গেপ্তারকৃতরা হলেন- ওয়ালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ও রমজান চৌকিদারের ছেলে রাকিবুল ইসলাম (৩০) এবং ওয়ালিয়া পুকুরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আ: সালাম (২৭)।