দেশে চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে সবাইকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে শনিবার চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ার্যান এইচএম এরশাদ। একইলক্ষ্যে আগামী মঙ্গলবার প্রতীকি অনশন করার ঘোষণাও দিয়েছে জাপা।
রাজধানীর ভাটারা থানার পাশে ঢাকা মহানগর জাপা (উত্তর) আয়োজিত চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও অরাজকতা বন্ধের দাবিতে অনুষ্ঠিত এক শান্তি সমাবেশে দলগুলোকে চিঠি পাঠানোর কথা জানান এরশাদ। তিনি বলেন, দেশে মহাদুর্যোগ চলছে। জনগণ অসুস্থ রাজনীতির শিকার। আমরা রাজনীতিবিদরা অসুস্থ। আমাদের চিকিত্সা প্রয়োজন। এজন্য শনিবার সকল রেজিস্টার্ড রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়ে আসলাম। বন্যা, সাইক্লোনের দুর্যোগে দেশ নয়, দেশ আজ ভয়াবহ রাজনৈতিক দুর্যোগে।
সকল রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, আসুন এক টেবিলে বসে নির্ধারণ করি কীভাবে আগামীর রাজনীতি নির্ধারিত হবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে, কীভাবে রাজনীতি পরিচালিত হবে। যাদের চিঠি দিয়েছেন তাদের নিয়ে শান্তির দাবিতে কনভেনশন করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।
