রাঙ্গামাটির মার্কেটে দেড়শ দোকান আগুনে পুড়ে ছাই

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ০১:১৪

গভীর রাতের ভয়াবহ আগুনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের মসজিদ মার্কেটের দেড়শ দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল অপারেটর টেলিটকের একটি টাওয়ার। বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় বিজিবি-পুলিশসহ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। এসময় অন্তত ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গত শুক্রবার রাতে আগুনের সূত্রপাত হয়। শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি জানান, এতে অন্তত ১২৫টি দোকান পুড়ে গেছে।

বাঘাইছড়ি বিজিবি জোনের কমান্ডার লেফ: কর্নেল রবিউল ইসলাম জানান, বাজারের প্রায় সবকটি দোকান পুড়ে গেছে। আগুনের তীব্রতা এতোটাই বেশি যে, মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে তিনটি মার্কেটসহ আশপাশের দেড় শতাধিক দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়।