কুমিল্লার চান্দিনায় সিএনজি অটোরিক্সা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার সকাল নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন, চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে শাহিন (২৪)। তবে নিহত ও সিএনজি অটোরিকশার চালক ছাড়া বাকি আহতরা বাখরাবাদ গ্যাস ফিল্ডের শ্রমিক।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, রবিবার সকালে সিএনজি অটোরিকশায় করে তারা বাখরাবাদ গ্যাস ফিল্ডে যাচ্ছিলেন। পথে মহাসড়কের খাদঘর এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের কুমিল্লার কাবিলাস্থ ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সাজেন্ট আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
