ইসলামী চরমপন্থী সংগঠন বোকো হারাম প্রায় ২০০ জিম্মিকে মুক্তি দিয়েছে। এদের অধিকাংশই নারী। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ইয়োবির এক গ্রাম থেকে এদের অপহরণ করা হয়।
শনিবার এক কমিউনিটি নেতা ও সেনাবাহিনীর এক সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বোকো হারাম তাদের দুটি ঘাঁটি থেকে শুক্রবার মোট ১৯২ জনকে মুক্তি দিয়েছে। রাজ্যের রাজধানী দামাতুরু থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত কাতারকোতে ৬ জানুয়ারি এক অভিযানের পর থেকে এদের বন্দি করে রাখা হয়।
ওই ঘটনায় মোট ২১৮ নারী ও শিশুকে অপহরণ করা হয়।
দামাতুরুর কাতারকো কমিউনিটির নেতা গণি মারি বলেন, ‘বোকো হারাম আমাদের ১৯২ নারীকে মুক্তি দিয়েছে। চলতি মাসের গোড়ার দিকে তাদেরকে অপহরণ করা হয়।’
তিনি আরো বলেন, ‘বোকো হারাম সদস্যরা অপহৃতদের চারটি ট্রাকে করে দুটি সৈকতে নিয়ে যায় এবং গিরবুওয়া গ্রামে তাদের ছেড়ে দেয়। গ্রামটি দামাতুরু থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে তাদেরকে নগরীতে নিয়ে সরকারের হেফাজতে রাখা হয়েছে।’
অভিযানকালে কাতারকোতে বোকো হারামের কয়েকজন বন্দুকধারী ওই গ্রামে হামলা চালিয়ে ২৫ ব্যক্তিকে হত্যা করে এবং তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এরপর হামলাকারীরা নারী ও শিশুদের অপহরণ করে নিয়ে যায়।
