ঢাবির ছাত্রলীগ নেতাসহ ৪০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ২১:০৪
 
পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম (এফএইচ) হলের তিন শিক্ষার্থীসহ ৩০০-৪০০ অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন শাহবাগ থানা পুলিশ।
রবিবার দুপুরে শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। এছাড়া, শনিবার রাতে ওই হলের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও দুটি মামলা করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের দুটি রুম তল্লাশি করে একশ’ ৩৩ ক্যান বিয়ারসহ ওই হলের তিন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের নিয়ে হলে থেকে বের হতে চাইলে হল শাখা ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। এসময় তারা পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে আটককৃত তিনজনের মধ্য দুইজনকে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন হলের ওই নেতাকর্মীরা।
আটক হওয়া ওই শিক্ষার্থী হলেন-ফাজাইল ইবনে বাশার (পরিসংখ্যান বিভাগ)। পলাতকরা হলেন-রাশেদ মাহমুদ (পদার্থ বিজ্ঞান বিভাগ) ও সাইফুল ইসলাম টুটুল (ফলিত রসায়ন)।
এদের মধ্যে রাশেদ হচ্ছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টুটুল সাংগঠনিক সম্পাদক।
এরা হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামানের অনুসারী বলে জানা যায়।
শনিবার রাত ১২টার দিকে শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম ও মোশারফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে আটক ও পলাতক তিনজনের বিরুদ্ধে পৃথক মামলা করেন।
এছাড়া, পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ায় ওই হলের তিন শিক্ষার্থী মাহমুদ, টুটুল ও মিল্টনের নাম উল্লেখ করে প্রায় চারশ’ অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরূদ্ধে বাদী হয়ে মামলা করেন শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম। মামলা নম্বর-৩৯।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ বলেন, আটক ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।
এছাড়া, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ায় আরেকটি মামলা করার কথা রয়েছে। এদের মধ্যে যাদের ছাত্রত্ব আছে তাদের বিরুদ্ধে একাডেমিকভাবে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।