এখনও মালয়েশিয়ার ভিসা পাননি তারেক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ২২:১৯
 
 
 
ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃতদেহ দেখতে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু ভিসা জটিলতায় তার সে ইচ্ছা পূরণ হয়নি। রবিবার লন্ডনের স্থায়ী সময় তিনটার দিকে তার উপদেষ্টা হুমায়ূন কবির ইত্তেফাককে জানিয়েছেন, দূতাবাস বন্ধ থাকায় ভিসা পাননি তারেক রহমান। আগামীকাল সোমবারও চেষ্টা অব্যাহত থাকবে।
 
এ বিষয়ে বিএনপির আর্ন্তজাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান জানিয়েছেন, মালয়েশিয়ায় অনুষ্ঠেয় কোকোর জানাজায় যোগ দেয়ার প্রবল আগ্রহ রয়েছে তারেক রহমানের। কিন্তু শনিবার ও রবিবার লন্ডনস্থ মালয়েশিয়া দূতাবাস বন্ধ থাকায় ভিসার ব্যাপারে যোগাযোগ সত্ত্বেও কোনো লাভ হয়নি। এছাড়া তারেক রহমান এখনো বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। ব্রিটিশ পাসপোর্ট থাকলেও হয়তো এ সমস্যার সৃষ্টি হতো না। তিনি আরও জানান, এমনকি মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। আগামীকাল সোমবার দূতাবাসের অফিস সময়ে পুনরায় চেষ্টা করা হবে। আশা করা হচ্ছে, তিনি সেখানে যাবেন।
 
এদিকে পূর্ব লন্ডনে আলতাব আলি পার্কে কোকোর গায়েবানা নামাজে জানাজায় তারেক রহমান উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন হুমায়উন কবির।