রোববার খুলনায় র্যাব-৬-এর কার্যালয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, একটি বিশেষ মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনে সেটিকে ‘সস্তা প্রচার’ হিসেবে কাজে লাগাচ্ছে। তিনি বলেছেন, অপরাধ দমন করতেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র দিয়েছে, ‘হা-ডু-ডু খেলার’ জন্য নয়।|
উপস্থিত এক সাংবাদিকের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে র্যাবের ডিজি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘তাহলে বিচার-অন্তর্ভুক্ত হত্যাকাণ্ড কোনটি?’
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কয়েকজন র্যাব সদস্যের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তাতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি মন্তব্য করে বেনজীর আহমেদ বলেন, কারও ব্যক্তিগত অন্যায়ের দায় র্যাব বহন করবে না। বর্তমানে র্যাবে কোনো সংকট নেই বলেও মনে করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-৬-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ, খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা প্রশাসক মোস্তফা কামাল, ডিআইজি এম এম মনিরুজ্জামান ও পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।
