রাজধানীর রামপুরা এলাকায় গতকাল রবিবার ভোররাতে র্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। দু’জনের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে। র্যাব ঘটনাস্থল থেকে তাদের ব্যবহূত একটি প্রাইভেটকার, একটি পিস্তল, গোয়েন্দা পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি ও হাতকড়া জব্দ করেছে।
র্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বনশ্রী আইডিয়াল স্কুলের সামনে র্যাব চেকপোস্ট বসিয়ে যানবাহন চেক করছিল। রাত পৌনে তিনটার দিকে র্যাব সদস্যরা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। এ সময় তিন যুবক প্রাইভেটকার থেকে নেমে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালাবার চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় দুই যুবক। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
এ র্যাব কর্মকর্তা আরো জানান, গোলাগুলির সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহত দুজন গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে র্যাবের ধারণা।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। এ ঘটনায় রামপুরা থানায় মামলা হয়েছে।
