এই প্রথম সিয়াম-রোশান একসাথে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৭

চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে প্রশংসনীয় সিয়াম আহমেদ। এরইমধ্যে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে তার। ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর সম্প্রতি তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ দিয়ে আবারো আলোচনায় তিনি। অন্যদিকে চিত্রনায়ক জিয়াউল রোশান ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন নিয়মিত। এখন পর্যন্ত চারটি ছবি মুক্তির তালিকায় রয়েছে তার। গতবছর মুক্তি পায় তার ‘বেপরোয়া’ সিনেমাটি। যেখানে ববি হকের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

এবার এই দুই সিনেমা তারকাকে একসাথে দেখা যাবে। এমনটাই জানান রোশান। জয়া আহসান প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘ফুড়ুত্’-এ দেখা যেতে পারে তাদের। এখনো চূড়ান্ত না হলেও শিগগিরই এ নিয়ে অফিশিয়াল খবর জানানো হবে।

রোশান বলেন, ‘আমি ও সিয়াম হয়তো একসাথে কাজ করতে যাচ্ছি। জয়া আহসানের পরবর্তী সিনেমায় আমাদের একসাথে কাজ করার কথা চলছে। দু’জনের সমান সিক্যুয়েন্স থাকবে সিনেমায়। এমনটাই কথা হচ্ছে। কাজ শুরুর আগে আমরা গল্প নিয়ে বসবো। এরপরই সবাইকে বিস্তারিত বলতে পারবো।’ জয়া আহসান তার প্রথম প্রযোজিত সিনেমা ‘দেবী’র সফলতার পর দ্বিতীয় সিনেমার করার ঘোষণা দেন। এ বছরই ছবিটি নিয়ে কাজ করা হবে বলেও জানা যায়।