ইউক্রেন সংকট নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৩:৪৪



জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলের সহিংসতা নিয়ে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে। শনিবার মারিওপোলে রকেট হামলায় ৩০ জনের প্রাণহানির পর নিরাপত্তা পরিষদ এ বৈঠকে বসছে। ক্রেমলিন সমর্থিত বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
এদিকে সহিংসতার এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার ওপর চাপ জোরদারের অঙ্গীকার করেন।
নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকটি স্থানীয় সময় সোমবার বিকেল তিনটায় শুরু হওয়ার কথা রয়েছে। গত শনিবার রকেট হামলার পর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিন্দা প্রস্তাবে সম্মত হতে ব্যর্থ হওয়ায় বিশেষ এ বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাশিয়ার ভেটোর কারণে নিন্দা প্রস্তাবে সম্মত হতে পারেনি নিরাপত্তা পরিষদ।
ওবামা বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ তৈরির জন্য সবধরণের উপায় বিবেচনার কথা ভাবছেন। প্রয়োজনে সংক্ষিপ্ত আকারে সামরিক হস্তক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন।
এছাড়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল রোববার ফোনে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি ক্রেমলিনপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরত রাখার আহ্বান জানান। তার মুখপাত্র স্টিফেন সেইবার্ট এ কথা বলেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো ও ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে টেলিফোনে আলাপকালে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মারিওপোলের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে শনিবারের সন্ত্রাসী হামলায় জড়িত থাকার পশ্চিমাদের অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছে ক্রেমলিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আবাসিক এলাকায় অব্যাহত গোলা নিক্ষেপ করে ইউক্রেনের সৈন্যরা মিনস্ক চুক্তি লংঘন করায় সহিসংতা তীব্ররূপ ধারণ করেছে।
পোরোশেংকো তার শীর্ষ জেনারেলদের বলেছেন, বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠেয় বৈঠকে তিনি রাশিয়ার ওপর অবরোধ আরো কঠোর করার কথা বলবেন।
স্থানীয় পুলিশ বলছে, শনিবার মারিওপোলের আবাসিক এলাকা ও একটি মার্কেটে দূর থেকে চালানো রকেট হামলায় ৯৫ জন আহত হয়েছে।
সূত্র-বাসস।