নিউইয়র্কে ইতিহাসের সবচেয়ে বড় তুষার ঝড় শঙ্কা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৪:৫১
ইতিহাসের সবচেয়ে বড় তুষার ঝড়ের হুমকির মুখে পড়েছে বিশ্বের রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। স্থানীয় সময় সোমবার দুপুরের পর থেকে এই ঝড় শুরু হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। প্রবল তুষার ঝড়ের কারণে পাতাল রেল (সাবওয়ে) এবং রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাবার আশঙ্কাও রয়েছে।  
আবহাওয়া অফিস জানিয়েছে, ত্রিশ ইঞ্চিরও বেশি শুভ্র তুষারে ঢেকে যেতে পারে পুরো নিউইয়র্ক সিটি। প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬৫ মাইল বেগে এই তুষার ঝড় হতে পারে। এই ঝড়ে ঘণ্টায় চার ইঞ্চির বেশি তুষার জমা হবে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এবং মেয়র বিল ডি. ব্লাজিও বিষয়টিকে অবহেলা না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। IMG0
নিউইয়র্কের জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব সহকারে তুষার ঝড়ের আগাম সংবাদ ছেপেছে। ডেইলি নিউজ তাদের হেড লাইন করেছে, ‘তিন ফুট তুষারে ঢাকা পড়ে যেতে পারে নিউইয়র্ক সিটি, সোমবার দুপুরের পর থেকেই বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা।’ নিউইয়র্ক পোস্ট লিখেছে, ‘তিন ফুট তুষারে জড়িয়ে যাবে নিউইয়র্ক সিটি।’ নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘তুষার ঝড়ের বিপদ নিয়ে প্রস্তুত নিউইয়র্ক।’ নিউজ টুয়েলভ বলেছে, ‘নিউইয়র্ক সিটির ইতিহাসের বড় তুষার ঝড়।’
জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই তুষার ঝড় সিটির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হতে পারে। এই তুষার ঝড় কেউ যেনো অবজ্ঞা না করে সে বিষয়েও তিনি সতর্ক করে দিয়েছেন। প্রয়োজন না থাকলে তিনি ঘরের বাইরে যেতেও নিষেধ করেছেন। তবে কোনো জরুরি অবস্থা জারি না করা হলেও সম্ভব হলে সবাইকে সোম এবং মঙ্গলবারের রুটিন পরিবর্তন করার অনুরোধ করেছেন। তিনি বলেছেন, এটা এমন ঝড় হতে পারে যেটা আমরা এর আগে আর কখনো দেখিনি। IMG1
মেয়র আরো জানান, সোমবার স্কুল খোলা থাকলেও মঙ্গলবার স্কুল বন্ধ রাখার ঘোষণা আসতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিউইয়র্ক সময় সোমবার দুপুরের পর থেকে শুরু হয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত এই ঝড় চলতে পারে।
রাজ্য গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নিউইয়র্ক থেকে লংআইল্যান্ডগামী এক্সপ্রেস ট্রেনসহ সিটির অনেক রেল ব্যবস্থা (সাবওয়ে) বন্ধ হয়ে যেতে পারে। একইসঙ্গে তিনি বলেছেন, তুষার ঝড় পরবর্তী কার্যক্রম মোকাবেলার জন্য সিটি সম্পূর্ণ প্রস্তত রয়েছে।
এদিকে ভয়াবহ তুষাড় ঝড়ের কবলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হলে বিপণী বিতানগুলোতে খাদ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে। এজন্য আগাম প্রস্তুতি হিসাবে নগরবাসী দুধ ও শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী মজুত করতে দেখা গেছে নগরবাসীকে।