খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৫:৫৩
 
খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সন্তু লারমা গ্রুপ)’র মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উশিমং মারমা ওরফে বাবু (১৯) নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন লাফাইডং এলাকায় এই ঘটনাটি ঘটে। বাবু মানিকছড়ি’র বাটনাতলী মরাডুলু এলাকার বালাশু মারমার পুত্র।
মানিকছড়ি থানার ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশ তল্লাসি চালিয়ে একটি মৃতদেহ উদ্ধার করেছে।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে জানিয়েছেন, সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে বোরকা পার্টির সদস্যরা ইউপিডিএফ সদস্য উচিমং মারমা ওরফে বাবু(১৮)-কে গুলি করে  হত্যা করে ।
জানা গেছে, উচিমং মারমাসহ ইউপিডিএফের তিন সদস্য সাংগঠনিক কাজে লাফাইডং পাড়ার একটি বাড়িতে অবস্থান করছিলেন। সকালে আগে থেকে লুকিয়ে থাকা বোরকা পার্টির একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর গুলি চালায়। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাশ ফায়ারে উচিমং মারমা ঘটনাস্থলে নিহত হন। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
ইউপিডিএফ প্রেস প্রধান নিরন চাকমা এক বিবৃতিতে অবিলম্বে উচিমং মারমার হত্যাকারী বোরকা পার্টির সদস্যদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।