ভেনাসের বিস্ময়

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ২১:০৭
 
 
বয়স যে তার র‌্যাকেটে মরচে ধরাতে পারেনি তার প্রমাণ নিয়মিতই দিচ্ছেন। তবে এই ৩৪ বছর বয়সেও যে ভেনাস উইলিয়ামস কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন সেটা বোধহয় অনেকেরই অনুমান ছিল না। সেই কঠিন কাজটাই করে দেখালেন ভেনাস। অগনেইস্কা রাদওয়ানস্কাকে ৬-৩, ২-৬, ৬-১ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে পা রেখেছেন উইলিয়ামস বোনদের বড় জন।
 
এর আগেই স্পেনের গারবান মুগুরুজাকে ২-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ছোট বোন সেরেনা উইলিয়ামসও। তবে শীর্ষ বাছাই সেরেনার জয় মোটেই বিস্ময় হয়ে আসেনি। যেমনটা এসেছে ভেনাসের ক্ষেত্রে। তবে ২০১০ সালে ইউএস ওপেনের পর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে উঠতে পারায় মোটেই বিস্মিত নন বলে জানিয়েছেন ভেনাস। সাত বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী এই আমেরিকান তীব্র জয়ক্ষুধাকেই এই সাফল্যের মূল কারণ হিসাবে আখ্যায়িত করেছেন।
 

এদিকে মহিলা এককের কোয়ার্টার ফাইনালে আজ দুটি ম্যাচে খেলবেন মারিয়া শারাপোভা-ইউজিন বুচার্ড ও একেতেরিনা ম্যাকারোভা-সিমোনা হালেপ।