প্রথা ভাঙলেন ওবামাও

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ০১:৩৭

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রথা ভাঙলেন। কুচকাওয়াজ উপভোগের সময় ওবামার চুইংগাম চিবানো নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আলোচনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গতকাল নয়াদিল্লির ঐতিহাসিক কুচকাওয়াজ অনুষ্ঠানে এসে মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা প্রটোকল ভেঙে দুই ঘন্টার বেশি সময় ধরে অবস্থান করেন অনুষ্ঠানস্থলে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব মার্কিন সিক্রেট সার্ভিসের। কোন খোলা জায়গার অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট সাধারণত ৪০ মিনিটের বেশি সময় অবস্থান করেন না। তবে গতকাল তিনি সে প্রথা ভাঙলেন।
এছাড়া প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের রীতি অনুযায়ী প্রধান অতিথি রাষ্ট্রপতির সাথে অনুষ্ঠানস্থলে আসেন। তবে ওবামা সেটা করলেন না। স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে অনুষ্ঠানস্থলে আসলেন বিশেষ সুরক্ষা সম্বলিত নিজ গাড়ি ‘বিস্ট’
এ চড়ে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কিছুক্ষণ পরে অনুষ্ঠানস্থলে আসেন।
‘রাজপথে’ কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করার সময় চুইংগাম চিবাচ্ছিলেন ওবামা। ছবিতে দেখা যায় চুইংগাম চিবানোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। এর আগেও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ওবামাকে চুইংগাম চিবাতে দেখা গেছে। তবে এবার তার চুইংগাম চিবানোর ঘটনায় আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভারতীয় কলামিস্ট এবং ঔপন্যাসিক শোভা দে টুইটারে বলেন, বারাক ভাই চুইংগাম চিবানোর মাধ্যমে চোয়ালকে সচল রাখেন। তবে কুচকাওয়াজের মতো এ ধরনের অনুষ্ঠানেও চুইংগাম? ফিল্ম মেকার শেখর কাপুর টুইটারে তার প্রতিক্রিয়ায় বলেন, দেখে ভালো লাগছে অন্য আমেরিকানদের মতো তিনিও চুইংগাম চিবাচ্ছেন। তবে কেউ কী বলতে পারেন সেটা কোন্ ব্রান্ডের?