কুমিল্লায় অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু, ১১৫ জন হাসপাতালে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ০২:০২

কুমিল্লায় পিকনিকের বিরিয়ানী খেয়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালে ভর্তি অসুস্থ শ্রমিকদের মধ্যে মালেকা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। অসুস্থদের চিকিত্সায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে ১টি এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের ১টিসহ পৃথক দুইটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার নগরীর বিসিক শিল্প এলাকার ফরিদ ফাইবার ফ্যাক্টরির সহস্রাধিক শ্রমিকের জন্য বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়। ভোজের বিরিয়ানী খেয়ে বেশিরভাগ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিত্সা শেষে অনেকে বাড়ি ফিরে গেলেও গতকাল সোমবার পর্যন্ত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৮ জন এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে ২৭ জনসহ মোট ১১৫ জন চিকিত্সাধীন রয়েছেন।

হাসপাতাল, অসুস্থ শ্রমিক ও তাদের স্বজনদের কাছ থেকে জানা যায়, ভোজের খাবার খেয়ে শ্রমিকরা ক্রমে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে থাকেন। যারা বাড়িতে খাবার নিয়েছেন তাদের স্বামী-স্ত্রী-সন্তানরাও অসুস্থ হয়ে পড়েছেন। ফরিদ ফাইবারের স্বত্বাধিকারী ইউসুফ জামিল লিটন সাংবাদিকদের জানান, বছরে কয়েকবার তারা শ্রমিকদের নিয়ে পিকনিক ও খাবারের আয়োজন করেন। কখনও এমন সমস্যা হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম শাহজাহান জানান, খাদ্যের বিষক্রিয়ায় শ্রমিকরা অসুস্থ হয়েছেন। কুমিল্লার সিভিল সার্জন ডা. মজিবুর রহমান জানান, অসুস্থদের চিকিত্সায় মেডিক্যাল অফিসার ডা. সায়হাম হোসেন ভূঁইয়াকে প্রধান করে ৫ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান পরিদর্শনসহ এ ব্যাপারে অনুসন্ধানের জন্য জেলা স্যানিটারী ইন্সপেক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে।