যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না: ফিদেল কাস্ত্রো

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ১৬:০৮
 
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না ও তাদের সাথে কথাও বলি না। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা কাস্ত্রোর চিঠিতে এই কথা উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে হাভানায় দু’দেশের মধ্যে যুগান্তকারী আলোচনা অনুষ্ঠানের এক সপ্তাহ পর এ চিঠির কথা প্রকাশ করা হলো।
চিটিতে বলা হয়, ‘এই চিঠি যে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাখান, তা নয়।’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো গত ১৭ ডিসেম্বর স্নায়ুযুদ্ধের সময়কার দুটি প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাজ করার কথা ঘোষণা করেন। ১৯৬১ সালে দুইদেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়।
পোপ ফ্রান্সিস দুই নেতার মধ্যে গোপন আলোচনায় মধ্যস্থতার মূল ভূমিকা পালন করেন। এর পর ডিসেম্বরের ঘোষণা আসে।