সড়ক দুর্ঘটনায় মুন্নি (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে অগ্নিসংযোগ করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্য বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন জানান, বিকেল আনুমানিক সোয়া ৩টার সময় চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মানসি ও তার ছোট বোন মুনমুন স্কুল ছুটির পর তার সহপাঠীদের সাথে নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ভৈরবগামী একটি মালবাহী ট্রাক ঢাকা-মোট্রা ট-১৪-২৪৫৬ মুন্নিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে শত শত জনতা রাস্তা অবরোধ করে রাখে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
