রাজশাহী, সিলেট ও কুমিল্লায় হরতাল

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ২১:৩৬
 
রাজশাহীতে বিভাগের আট জেলায় মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে ছাত্র শিবির। মঙ্গলবার রাজশাহী মহানগর শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণার কথা জানানো হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যে এই হরতালের ডাক দেয়া হলো। চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখা শিবিরের সভাপতি আসাদুল্লাহ তুহিনকে র‍্যাব ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে, এমন অভিযোগে এই হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।
অপর দিকে কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে কুমিল্লায় ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ২০ দল।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া মঙ্গলবার জানিয়েছেন, কাভার্ড ভ্যানে আগুন দেয়ার ঘটনায় রবিবার হুকুমের আসামি করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এই মামলার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে দক্ষিণ জেলা ২০ দল।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর নামে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার।
সিলেট বিভাগের চার জেলায় আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন যায়গায় 'হুকুমের আসামী' হিসেবে মামলার প্রতিবাদে এই হরতাল পালন করা হবে বলে জানিয়েছে সিলেট জেলা ও নগর বিএনপি।