কোকোর জন্য লন্ডনের দোয়া মাহফিলে তারেক

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ২৩:৪৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মঙ্গলবার স্থানীয় সময় আসর নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লন্ডন বিএনপির নেতা-কর্মী, পারিবারিক বন্ধু-বান্ধবসহ তারেক রহমান উপস্থিত ছিলেন।
তারেক রহমান লন্ডনের অভিজাত এলাকার বাসা থেকে একটি কালো রংয়ের ল্যান্ড রোভার গাড়িতে  বিকেল সোয়া তিনটায় ব্রিকলেন জামে মসজিদে আসেন। নামাজ আদায় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তার ছোট ভাইয়ের আত্মার মাগফেরাতের জন্য সবার দোয়া চান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাজাত কামনায়ও দোয়া চান।

দোয়া অনুষ্ঠানে পুত্র বিয়োগে শোকাহত মা বেগম খালেদা জিয়ার শোক-মূর্চ্ছা দ্রুত কাটিয়ে ওঠা এবং দীর্ঘায়ু কামনা করা হয়।দেশের চলমান সংকট নিরসনেও দোয়া করা হয়।