রাজশাহীতে তিন শিবিরকর্মীকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ০০:১১

রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মাসুম ফারুক, গোদাগাড়ী উপজেলা (পশ্চিম) শিবিরের সভাপতি আবদুস সামাদ ও শিবিরের কর্মী মনোয়ার হোসেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ছাত্রশিবিরের এই নেতা-কর্মীদের দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাঁদের ব্যাগ দেখতে চায়। এ সময় তারা পালাতে চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন তাঁদের ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে বেশ কিছু তারকাঁটা, পেরেক লাগানো কাঠ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ওসি ফরহাদ বলেন, ওই তিনজনকে নাশকতার প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাল বুধবার আদালতে পাঠানো হবে।