ইনকিলাবের ১৭ মাসের বকেয়া পরিশোধের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ০০:৫০

দৈনিক ইনকিলাবে কর্মরত সাংবাদিকদের ১৭ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বিএফইউজে ও ডিইউজের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বিবৃতিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, গত ১৭ মাস ধরে বেতন-ভাতা বকেয়া পড়ায় দৈনিক ইনকিলাবের সাংবাদিকরা মানবেতর জীবনযাপন করছেন। ইনকিলাব কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ৮ম বেতন বোর্ড বাস্তবায়নের কথা বলে সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করলেও সাংবাদিকদের বেতন-ভাতা থেকে বঞ্চিত করে আসছেন। —প্রেস বিজ্ঞপ্তি