পঞ্চাশ মিনিট বন্ধ ছিল ফেসবুক ও ইনস্টাগ্রাম

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ০১:৪০

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ও ছবি শেয়ার করার সাইট ইনস্টাগ্রাম গতকাল মঙ্গলবার প্রায় চল্লিশ মিনিটের মতো বন্ধ ছিল। গতকাল বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত ফেসবুক ওয়েবসাইট ও ফটো শেয়ারিং ইনস্টাগ্রাম খুলছিল না। এসময় ফেসবুক লগ ইন করলে ‘Sorry, something went wrong. We’re working on it and we’ll get it fixed as soon as we can. Go Back’ A^ev ‘Cannot find server’ মেসেজ দেখানো হয়। এসময়ে পৃথিবীজুড়ে লাখ লাখ ব্যবহারকারী এই দুটি সাইটে ঢুকতে পারেননি। ফেসবুক কর্তৃপক্ষও স্বীকার করেছে যে, তাদের সার্ভার ডাউন ছিল, এসময় অনেক ব্যবহারকারী সাইটে ঢুকতে পারছিলেন না। এদিকে এ দুটি সাইট বন্ধ থাকার ব্যাপারে ‘লিজার্ড স্কোয়াড’ নামের একটি হ্যাকার গ্রুপ দায় স্বীকার করেছে।

যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে ফেসবুকের একজন মুখপাত্র জানান, তারা চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করে আনার জন্য। অপর দিকে ইনস্টাগ্রামের পক্ষ থেকেও একই ধরনের বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

এসময় ফেসবুক ব্যবহার করতে না পেরে ব্যবহারকারীরা উত্কণ্ঠায় ছিলেন। ব্যবহারকারীদের অনেকেরই প্রশ্ন ছিল যে,   সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ করা হয়েছে কিনা? এ প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব মো. সারোয়ার আলম জানান, ফেসবুক বন্ধের কোনো পদক্ষেপ নেয়নি সরকার।