রাশিয়ার ওপর ফের অবরোধের চিন্তা ইউরোপের

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ০১:৫০

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি ইস্যুতে আবারো রাশিয়ার ওপর অবরোধের চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ। ইইউ নেতৃবৃন্দ তাদের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে এ বিষয়ে কথা বলছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রীরা বৃহস্পতিবার বৈঠকে বসবেন। সেখানেই সিদ্ধান্ত হবে রাশিয়ার ওপর নতুন করে কী ধরনের অবরোধ আরোপ করা হবে। খবর বিবিবি’র।

ইউক্রেন সেনাবাহিনী এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধের ফলে সেপ্টেম্বরে মিনস্ক যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষিত হয়েছে বলে মত দেন ইউ নেতৃবৃন্দ। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় রাশিয়ার বিদ্রোহীদের সাথে যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৯ জন সৈন্য নিহত হয়েছে। ব্যাপক গোলাবর্ষণেরও ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর বরাত দিয়ে ইউক্রেনের ইউনিয়ন নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দেবালসেভে শহরের কাছে বিদ্রোহীদের ভারী মর্টার এবং কামান থেকে গুলিবর্ষণ করা হয়েছে। রাশিয়াকে আক্রমণকারী রাষ্ট্র হিসাবে ইউক্রেনের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে। ২৯৭ জন এমপির মধ্যে ২৭০ জনই রাশিয়াকে আক্রমণকারী রাষ্ট্র হিসাবে অভিহিত করার পক্ষে ভোট দেন।

ইউক্রেন নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলে রকেট হামলা চালিয়ে ৩০ জন সৈন্যকে হত্যা করার ঘটনায়  ইউ পররাষ্ট্র মন্ত্রীরা বৃহস্পতিবার এ বিশেষ বৈঠকে বসবেন। বৈঠক থেকে নেয়া সিদ্ধান্ত পাঠানো হবে ইউরোপীয় কমিশনের কাছে। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের বৈঠক করার কথা রয়েছে। এদিকে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ বিদ্রোহীদের সহায়তা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।