যুক্তরাষ্ট্র-সৌদি নয়া জোট গড়ার ওপর গুরুত্ব ওবামার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ০২:৪৮

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুন বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাত্ করতে দেশটিতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যুক্তরাষ্ট্র এবং সৌদি নয়া জোট গড়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। সফরে তার সঙ্গে স্ত্রী মিশেল ওবামাসহ বিরোধী রিপাবলিকান দলের প্রতিনিধিরাও রয়েছেন। প্রেসিডেন্ট ওবামা এমন সময়ে সৌদি সফর করছেন যখন মধ্যপ্রাচ্যে জঙ্গিদের দমনে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস জানিয়েছেন, ওবামা সৌদির নতুন বাদশাহের সঙ্গে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই, ইয়েমেনের অচলাবস্থা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস  করে, প্রয়াত বাদশাহ আব্দুল্লাহের সময় দেশটির যে নীতি ছিল বর্তমান বাদশাহের সময়ও সেই একই নীতি বহাল থাকবে। প্রেসিডেন্ট ওবামা ভারত সফর সংক্ষিপ্ত করে গতকাল সৌদি যান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য মিত্র সৌদি আরব। ওবামার সফরসঙ্গী হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস।