যারা দরজা খোলে না তাদের সঙ্গে সংলাপ নয়

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ০০:০২

যারা দরজা খোলে না তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। সংলাপ করতে হলে খোলা মনে দরজা উন্মুক্ত রাখতে হয়। পেট্রোল বোমা নিক্ষেপকারীদের গণপিটুনি দেয়া শুরু করেছে সাধারণ মানুষ। পেছনে যারা কলকাঠি নাড়ছে তারাও রক্ষা পাবে না। দেশের মানুষ তাদেরকেও খুঁজে বের করে শাস্তি দেবে।

গতকাল বুধবার বিকালে নগরীর লালদীঘি মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। সভায় সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট এ দেশের ভবিষ্যত্ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই তারা হরতাল-অবরোধ দিয়ে আমাদের কোমলমতি পরীক্ষার্থীদের ভবিষ্যত্ শেষ করে দিতে চায়। কার বাড়িতে গোপনে এ নাশকতার পরিকল্পনা হয়, কে অর্থের যোগান দেয় সে তালিকা আমাদের জানা আছে। সহিংসতা মোকাবেলায় নগরীর প্রতিটি থানায় সমাবেশ ও কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল, শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. সফর আলী, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল ও সাম্যবাদী দল নেতা অমূল্য বড়ুয়া প্রমুখ।