চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় নিহত হয়েছেন হেলপার। তিনি দগ্ধ হয়ে ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ ঘটনায় আহত হয়েছেন চালক ও টাইলস ব্যবসায়ীর প্রতিনিধি মো. মাসুদ। নিহত মো. মোতালেবের (৪৫) বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে বলে জানা গেছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানিয়েছেন, বিকালে টাইলস নিয়ে তারা চাঁদপুরের মতলবের উদ্দেশ্যে রওনা হন। এটি কুমিল্লা হয়ে চাঁদপুরের দিকে আসছিল। এ সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে তারা দগ্ধ হন। পরে প্রাণ বাঁচাতে লাফ দিলে চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হন।
