ভারতের পররাষ্ট্র সচিবের পদ থেকে সুজাতা সিংকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর। বুধবার রাতে মোদি সরকার এ বিষয়টি নিশ্চিত করে। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই পদক্ষেপকে অস্বাভাবিক ভাবে দেখছে অনেকে।কারণ স্বাভাবিক অবসরের আট মাস আগেই তাকে বরখাস্ত করা হয়েছে।
২৮ বছর আগে ১৯৮৭ সালে রাজীব গান্ধী এপি ভেঙ্কটেশবরণকে অপসারণের পর প্রথম কোনো পররাষ্ট্র সচিব হিসেবে সুজাতা সিংকে অনানুষ্ঠানিকভাবে সরানো হলো।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সুজাতা সিং ও তার কাজের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসন্তুষ্ট ছিলেন। গত কতয়েকমাস ধরেই এটি প্রকাশ্যে চলে এসেছিল। কয়েকবার পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের কথা উঠলেও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে রাখার পক্ষে অবস্থান জানিয়ে আসছিলেন বলে বলা হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরে করে যাওয়ার পর চূড়ান্তভাবে সুজাতা সিংকে বরখাস্ত করা হলো।
